খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু শিশু কন্যার, শোক গোঘাটে
হুগলি , ১০ মে (হি.স.) : গোঘাটে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় মৃত্যু হল এক শিশু কন্যার। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোঘাটের বদনগঞ্জ ফুলুই-১ গ্রাম পঞ্চায়েতের মাঝদিহা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহানা পরিবারের সদস্যরা বিগত কয়েক দিন আগ
প্রকোস্তব্ধ শাহানা পরিবার


হুগলি , ১০ মে (হি.স.) : গোঘাটে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় মৃত্যু হল এক শিশু কন্যার। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোঘাটের বদনগঞ্জ ফুলুই-১ গ্রাম পঞ্চায়েতের মাঝদিহা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহানা পরিবারের সদস্যরা বিগত কয়েক দিন আগে দুপুরে খাওয়াদাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের চার সদস্যেরই বমি ও শারীরিক অসুস্থতা দেখা দিলে তড়িঘড়ি তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় পরিবারের চার বছরের শিশু কন্যা ও আট বছরের পুত্র সন্তানকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার চার বছরের শিশু কন্যার মৃত্যু হয়।

ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পরিবারের বাকি সদস্যরা এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande