
শ্রীনগর, ১০ মে (হি.স.) : কাশ্মীরকে দেশের অন্যতম প্রধান গল্ফ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রবিবার শ্রীনগরের রয়্যাল স্প্রিংস গল্ফ কোর্সে ‘ইন্ডিয়া গল্ফ কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীরের সঙ্গে গল্ফের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং উপত্যকায় বিশ্বমানের গল্ফ পরিকাঠামো গড়ে উঠেছে। তাঁর কথায়, “দেশের সবচেয়ে সুন্দর গল্ফ কোর্সগুলির মধ্যে শ্রীনগর, গুলমার্গ ও পহেলগামের গল্ফ কোর্স সহজেই জায়গা করে নেয়।”
তিনি জানান, সরকার একদিকে স্থানীয় গল্ফ খেলোয়াড়দের উৎসাহিত করতে চাইছে, অন্যদিকে পর্যটন শিল্পকে শক্তিশালী করতেও এই খেলাকে কাজে লাগানো হচ্ছে। তিনি আরও বলেন, “এই প্রতিযোগিতা কাশ্মীরে গল্ফকে আরও জনপ্রিয় করে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই নতুন প্রজন্মের খেলোয়াড়রা এই খেলায় আগ্রহী হোক।”
তিনি এও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী-সহ শতাধিক গল্ফার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
মুখ্যমন্ত্রীর দাবি, উত্তর ভারতের সপ্তাহান্তের লম্বা ছুটিতে এখন বহু গল্ফপ্রেমী শুধুমাত্র গল্ফ খেলতেই শ্রীনগরে আসছেন। এতে পর্যটন শিল্পও লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “যখনই উত্তর ভারতে লম্বা ছুটি থাকে, বহু গল্ফ খেলোয়াড় শুধুমাত্র গল্ফ খেলতেই এখন শ্রীনগরে আসছেন। এতে পর্যটন শিল্প নিশ্চিতভাবেই উপকৃত হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য