
আগরতলা, ১০ মে (হি.স.) : ধর্মনগর বিধানসভা উপনির্বাচন এবং পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরিতে ভারতীয় জনতা পার্টির উল্লেখযোগ্য সাফল্যের আনন্দে রবিবার আগরতলা পুর নিগমের ২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ঘিরে ওয়ার্ডজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, ২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা দাস সহ বিজেপি-র বহু নেতা, কর্মী ও সমর্থক।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। পাশাপাশি ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করেন। এই জয়কে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি-র পক্ষ থেকে বিজয় মিছিল চলছে।
রবিবারের এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ বলেন, ধর্মনগর উপনির্বাচনে বিজেপি-র জয় রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলীয় নেতৃত্বের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং সেই উন্নয়নের ধারাই ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের দক্ষ নেতৃত্বেই ধর্মনগরে বিজেপি বিপুল ব্যবধানে জয় অর্জন করেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এবং রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে অভিনন্দন জানান।
কর্পোরেটর শর্মিষ্ঠা দাসও বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই জয় সাধারণ মানুষের জয়। দেশের উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবেই জনগণ বিজেপিকে সমর্থন করেছেন। তিনি বলেন, আগামী দিনেও দল মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ অব্যাহত রাখবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ