তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিরুচিরাপল্লি পূর্ব আসন ছাড়লেন বিজয়, নিয়োগ দুই বিশেষ সচিবের
চেন্নাই, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন টিভিকে প্রধান তথা অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়। তিনি তিরুচিরাপল্লি পূর্ব বিধানসভা আসন থেকে ইস্তফা দিয়েছেন এবং পেরাম্বুর আসনের বিধায়ক হি
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিরুচিরাপল্লি পূর্ব আসন ছাড়লেন বিজয়, নিয়োগ দুই বিশেষ সচিবের


চেন্নাই, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন টিভিকে প্রধান তথা অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়। তিনি তিরুচিরাপল্লি পূর্ব বিধানসভা আসন থেকে ইস্তফা দিয়েছেন এবং পেরাম্বুর আসনের বিধায়ক হিসেবে তিনি থাকছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তিনি দুটি কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন।

রবিবার সকালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তামিল ভাষায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিশিষ্ট নেতা ও গণ্যমান্য ব্যক্তি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভার একটি আসন ছাড়ার সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করেন বিজয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, তিনি তিরুচিরাপল্লি পূর্ব আসন থেকে ইস্তফাপত্র বিধানসভার প্রধান সচিব কে শ্রীনিবাসনের কাছে পাঠিয়েছেন। মন্ত্রী কে এ সেঙ্গোত্তাইয়ান এবং পি ভেঙ্কটরামনের মাধ্যমে সেই পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

শপথ গ্রহণের পর চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয় স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, তাঁর সরকার “প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার”-এর আদর্শ মেনে কাজ করবে।

মুখ্যমন্ত্রী হিসেবেই রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেন বিজয়। পাশাপাশি মাদকদ্রব্যের বাড়তে থাকা বিপদের মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ হেল্পলাইন ও বাহিনী তৈরির নির্দেশ দেন। শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবার উন্নয়নেই সরকারের প্রধান জোর থাকবে বলেও জানান তিনি। কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থরক্ষার আশ্বাসও দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

এদিকে, দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দফতরে দুই বিশেষ সচিব নিয়োগের সিদ্ধান্ত নেন বিজয়। সিনিয়র আইএএস আধিকারিক পি সেথিল কুমার এবং জি লক্ষ্মী প্রিয়াকে মুখ্যমন্ত্রীর দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকে-র বাইরে অন্য কোনও দল রাজ্যে ক্ষমতায় এল।

নতুন সরকারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। সমর্থকদের দাবি, চলচ্চিত্র জগত থেকে উঠে আসা বিজয় তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও প্রশাসনিক পরিবর্তনের সূচনা করতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande