
কলকাতা, ১১ মে (হি স)। রাজ্য মন্ত্রিসভার প্রাথমিক দফতর বণ্টন হলো সোমবার। তবে পূর্ণ তালিকা প্রকাশিত হয়নি। এ দিন নবান্নে নব নির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্ন সূত্রের খবর, দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত দফতর, গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতর ও কৃষি বিপনন দফতর।
অগ্নিমিত্রা পাল পেলেন নারী ও শিশু কল্যাণ
দফতর, সমাজকল্যাণ দফতর, সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতর। আদিবাসী বিষয়ক, অনগ্রসর শ্রেনী এবং সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা— এই তিন দফতরের মন্ত্রী হলেন ক্ষুদিরাম টুডু, খাদ্য ও সরবরাহ দফতর অশোক কীর্তনিয়ার হাতে। নিশীথ প্রামাণিকের হাতে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুবকল্যাণ ও ক্রীড়া দফতর।
মহাকরণ থেকে এই তালিকা দাখিল করে সন্ধ্যায় সাংবাদিকদের জানানো হয় বাকি দফতরের বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এ দিন নবান্নের বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন, দফতর বণ্টন শুরু হয়েছে এ দিন থেকে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘আজকের বৈঠকে দফতর বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পাঁচ জনকে দফতর দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, তৃণমূল যে দুর্নীতিগুলি করেছে, সব বন্ধ করতে হবে। এক মাসের মধ্যে সব বিধায়কদের নিয়ে বসতে হবে।’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত