
বাদুড়িয়া, ১১ মে (হি. স.): উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় শ্বশুরকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম কাজী মোজাফফার আহমেদ (৪৯)। ঘটনায় মৃতের জামাই শামীম গাজী-সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে সুপারি কিলার দিয়ে খুনের তত্ত্ব সামনে এসেছে। সোমবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তেতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তা থেকে কাজী মোজাফফার আহমেদের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে তাঁর মোটরবাইক এবং একটি চারচাকা গাড়িও উদ্ধার করেছে পুলিশ। মৃতের বাড়ি বাদুড়িয়া থানার এলাকায়। তাঁর মেয়ের বিয়ে হয়েছিল স্বরূপনগরের বাঁকড়া এলাকার বাসিন্দা শামীম গাজীর সঙ্গে। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য অশান্তি লেগে ছিল বলে পরিবারের অভিযোগ। স্থানীয়দের দাবি, রবিবার রাতে কয়েকজন ব্যক্তি জোর করে মোজাফফার আহমেদকে গাড়িতে তোলার চেষ্টা করছিল। রাতের প্রহরীরা বিষয়টি দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, গলা টিপে খুন করে ঘটনাকে অন্যদিকে ঘোরাতে মুখে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়