
হাইলাকান্দি (অসম), ১১ মে (হি.স.) : জাপানিজ এনসেফালাইটিস এবং অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম প্রতিরোধে হাইলাকান্দি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার হাইলাকান্দির স্কুল পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত এক নির্দেশিকা করেছে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিনের প্রাতঃকালীন সভায় শিক্ষার্থীদের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিতে বলা হয়েছে।
নির্দেশে এই মারাত্মক রোগের লক্ষণসমূহ সম্পর্কে সচেতনতা গড়তে বলা হয়েছে। বলা হয়েছে, যদি কোনও শিক্ষার্থীর মধ্যে তীব্র জ্বর, মাথাব্যথা, শরীরে কাঁপুনি, বমি বমি ভাব বা বমি হওয়া, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি অথবা মানসিক অবস্থার পরিবর্তন যেমন সামান্য বিভ্রান্তি থেকে শুরু করে তীব্র অস্থিরতা বা অচেতন হয়ে পড়ার মতো লক্ষণ দেখা যায়, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য বিভাগে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে জেলার সব বিদ্যালয়ের প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস