
বীরভূম, ১১ মে (হি.স.): ভারত মাতার ছবি লাগানোকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো বীরভূম জেলার সিউড়ি পুরসভায়। এ দিন সকালে সিউড়ি পুরসভায় ওই ছবি নিয়ে হাজির হন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, জেলা সাধারণ সম্পাদক-সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা। কিন্তু সেই সময় পুরসভার চেয়ারম্যানের ঘর বন্ধ ছিল। তা ঘিরেই শুরু হয় বিক্ষোভ। স্লোগান দিতে শুরু করেন বিজেপির কর্মীরা। পুরসভার চেয়ারম্যান এলে ওই দরজা খুলে বিজেপির নেতারা চেয়ারম্যানের হাতে ভারত মাতার ছবি তুলে দেন। পরে সেই ছবি পুরসভার কর্মীদের দিয়ে লাগানো হয়। এর পরে বীরভূম জেলা পরিষদ, কড়িধ্যা পঞ্চায়েত ও সিউড়ি ১ পঞ্চায়েত সমিতিতেও ভারত মাতার ছবি লাগানো হয়।
এদিকে, এ দিন বোলপুর কলেজের মূল গেটে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকেরা তাঁদের পতাকা টাঙিয়ে দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ