
ভাটপাড়া, ১১ মে (হি. স.): উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায় একটি ঝোপের মধ্যে থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্যে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। পরে নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এত বোমা মজুত করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেয়। পুলিশের বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল এবং এর পিছনে কোনও দুষ্কৃতীচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়