
মালদা, ১১ মে (হি. স.): মালদার গাজোলে রবিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাস বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে একটি স্করপিও গাড়ি গাজোল থেকে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল। গাজোলের জামতলার দোহিল মোহিল এলাকায় এসে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। জানা গিয়েছে, স্করপিও গাড়িটি রাজমহল থেকে গঙ্গারামপুরে কন্যাযাত্রী নিয়ে যাচ্ছিল। বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। তবে বাসযাত্রীদের বড়সড় আঘাত লাগেনি। স্করপিওতে থাকা চালক-সহ পাঁচজন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দীপঙ্কর বর্মন নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি সামশেরগঞ্জের রাজমহল এলাকায়। বাকি আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়