
বহরমপুর, ১১ মে (হি. স.):- প্রায় ১৫ বছর পর মুর্শিদাবাদের বহরমপুর থানার উত্তরপাড়ায় নিজেদের পুরনো পার্টি অফিস পুনরুদ্ধার করল কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা-কর্মীরা বন্ধ থাকা অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দিতে থাকেন। অফিস চত্বরে ফ্ল্যাগ ও ফেস্টুন লাগিয়ে উদযাপনও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে রক্তদান শিবিরের মাধ্যমে ওই পার্টি অফিসের উদ্বোধন হয়েছিল। দীর্ঘদিন সেখান থেকেই দলীয় সাংগঠনিক কাজ পরিচালিত হত। তবে ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অফিসটি দুষ্কৃতীদের দখলে চলে যায় বলে অভিযোগ। পরে পুলিশ সেই অফিস বন্ধ করে দেয়।সোমবার কংগ্রেস কর্মীরা একজোট হয়ে অফিসের তালা ভেঙে পুনরায় দখল নেন। দলীয় কর্মীদের দাবি, এটি তাদের পুরনো পার্টি অফিস এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থেই তারা অফিস পুনরুদ্ধার করেছেন।কংগ্রেস নেতা নাজমুল আলম ওরফে রুবেল বলেন, “দীর্ঘদিন পর আমরা আমাদের সংগঠনের অফিস ফিরে পেলাম। আগামী দিনে এখান থেকেই সংগঠনের কাজ চলবে।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়