
কলকাতা, ১১ মে (হি.স.): রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বর্তমানে নবান্নে মুখ্য সচিবের দায়িত্ব সামলানো দুষ্যন্ত নারিয়ালাকে রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের ‘প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার’ পদে নিযুক্ত করা হয়েছে। সোমবার অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে স্বাক্ষরিত একটি সরকারি নির্দেশিকায় এই নিয়োগের কথা জানানো হয়েছে।
রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অনুমোদনে অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার এই গুরুত্বপূর্ণ পদে দুষ্যন্ত নারিয়ালাকে বহাল করা হলো। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি তাঁকে দ্রুত এই নতুন দায়িত্বভার গ্রহণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
অন্যদিকে, একটি জরুরি কাজের খাতিরে বর্তমানে রাজধানী দিল্লিতে রয়েছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। কেন্দ্রীয় তলবে সেখানে পৌঁছনো রাজ্যপাল সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যেই কলকাতায় ফিরবেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। তাঁর এই দিল্লি সফরের মধ্যেই রাজ্যে প্রশাসনিক স্তরে এই গুরুত্বপূর্ণ রদবদলের বিজ্ঞপ্তি জারি হলো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত