
নন্দীগ্রাম, ১১ মে (হি. স.):- ২০২১ সালে বিধানসভা নির্বাচন–পরবর্তী হিংসায় নিহত নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতির পরিবার এবার নতুন করে বিচারের আশায় বুক বাঁধছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার দেবব্রত মাইতির পরিবার বলেন, এবার দেবব্রত মাইতির খুনের সঠিক বিচার হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি ২০২১ সালের নির্বাচনের ফল প্রকাশের পর খুন হন। পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছিল। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে ইতিমধ্যেই ৪২ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে জেরা করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। আদালতের নির্দেশে অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকতে হয়েছিল বলেও জানা যায়।তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ধীরে ধীরে অভিযুক্তরা এলাকায় ফিরতে শুরু করে বলে দাবি পরিবারের। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় দেবব্রত মাইতির পরিবারের আশা, দীর্ঘদিনের অপেক্ষার পর এবার তাঁরা ন্যায়বিচার পাবেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়