
শিলিগুড়ি, ১১ মে (হি.স.): শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ পদ থেকে সরানো হল দিলীপ বর্মনকে। জানা গেছে, সোমবার শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব দিলীপ বর্মনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। যদিও এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন দিলীপ বর্মন। শিলিগুড়ি পুরসভায় তৃণমূল ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকেই ট্রেড লাইসেন্স ও হাউসিং বিভাগের মেয়র পারিষদ ছিলেন ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। কিন্তু বেশ কিছুদিন ধরেই মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে অবৈধ নির্মাণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সরব হন তিনি। লাগাতার মেয়র গৌতম দেব ও বাকিদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গেছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে সেভাবে জোরদার প্রচার করতে দেখা যায়নি তাঁকে। দল হারতেই এবার নেতৃত্বের রোষের শিকার হলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ