
গুয়াহাটি, ১১ মে (হি.স.) : আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ড. হিমন্তবিশ্ব শর্মা। সঙ্গে শপথ গ্রহণ করবেন তাঁর মন্ত্রিপরিষদের অন্য মন্ত্রীগণ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রীগণের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ঢেলে সাজানো হয়েছে গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানকে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে অনুষ্ঠানস্থলের চতুর্পার্শ্বে। এদিকে, আজ বিকালের দিকে মুখ্যসচিব, ডিজিপি, গুয়াহাটির পুলিশ কমিশনার সহ সপার্ষদ খানাপাড়া ময়দানে গিয়ে আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানস্থলের পর্যবেক্ষণ করেছেন হিমন্তবিশ্ব শর্মা।
অসমে তৃতীয় দফায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং হিমন্তবিশ্ব শর্মার দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতা, এনডিএ জোটের সহযোগী দলগুলির প্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ দলীয় পদাধিকারী এবং কার্যকর্তারা উপস্থিত থাকবেন।
খানাপাড়া ময়দান এবং আশপাশর এলাকায় রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড এবং নিরাপত্তা তালাশি চৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দেওয়ার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের পর ড. হিমন্তবিশ্ব শর্মা গতকাল সোমবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে অসমে নতুন সরকার গঠনের দাবি পেশ করেছিলেন।
এর পর রাজ্যপাল ভারতীয় সংবিধানের ১৬৪(১) অনুচ্ছেদের অধীনে ড. হিমন্তবিশ্ব শর্মাকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এ বিষয়ে অসম সরকারের সংসদীয় বিষয়ক দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ১৬৪(১) অনুচ্ছেদের অধীনে প্রাপ্ত ক্ষমতা বলে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ড. হিমন্তবিশ্ব শর্মাকে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।
মুখ্যসচিব ড. রবি কোটা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সাংবিধানিক কর্তৃপক্ষ, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং সংশ্লিষ্ট দফতরগুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পাঠানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা শহরে উৎসাহের পরিবেশ বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস