ভারত–শ্রীলঙ্কা সম্পর্কের ভিত অভিন্ন সভ্যতাগত ঐতিহ্যে গাঁথা: ওম বিড়লা
নয়াদিল্লি, ১১ মে (হি.স.): ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের মূল ভিত্তি শতাব্দীপ্রাচীন সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার গভীর বন্ধনে গাঁথা বলে মন্তব্য করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর মতে, দুই দেশের অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য আজও দ্বিপাক্ষিক সম্পর্কের শক্ত
ভারত–শ্রীলঙ্কা সম্পর্কের দৃঢ় ভিত্তি অভিন্ন সভ্যতাগত ঐতিহ্য: ওম বিড়লা


নয়াদিল্লি, ১১ মে (হি.স.): ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের মূল ভিত্তি শতাব্দীপ্রাচীন সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার গভীর বন্ধনে গাঁথা বলে মন্তব্য করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর মতে, দুই দেশের অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য আজও দ্বিপাক্ষিক সম্পর্কের শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে।

সোমবার সংসদ ভবনে শ্রীলঙ্কার ‘মহিলা সংসদীয় ককাস’-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রীলঙ্কার নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাভিত্রী পলরাজ।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ভারত ও শ্রীলঙ্কার সংসদীয় যোগাযোগ ক্রমেই আরও গভীর হচ্ছে। সম্প্রতি এস. এম. মারিক্কারের নেতৃত্বে শ্রীলঙ্কার একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে হওয়া আলোচনার কথাও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, দুই দেশের সংসদ সদস্যদের নিয়মিত সংলাপ পারস্পরিক বোঝাপড়া বাড়িয়েছে এবং সম্পর্ককে নতুন গতিও দিয়েছে।

নারীর ভূমিকা প্রসঙ্গে লোকসভার অধ্যক্ষ বলেন, ভারতের দৃষ্টিভঙ্গি এখন বদলেছে—এটি শুধু “নারীর উন্নয়ন” নয়, বরং “নারীর নেতৃত্বে উন্নয়ন”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার উল্লেখ করে তিনি বলেন, যখন নারীরা নেতৃত্ব দেয়, তখন উন্নয়ন আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হয়।

তিনি জানান, নতুন সংসদ ভবনে পাস হওয়া প্রথম আইন ছিল ‘নারী শক্তি বন্দনা অধিনিয়ম’, যার মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটি ভারতীয় গণতন্ত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার এক ঐতিহাসিক পদক্ষেপ।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আরও জানান, ভারতের বহু রাজ্যে স্থানীয় প্রশাসনে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে এবং বর্তমানে দেশে ১৪ লক্ষেরও বেশি নির্বাচিত নারী প্রতিনিধি পঞ্চায়েত ও পৌর সংস্থায় কাজ করছেন।

তিনি স্ব-সহায়ক গোষ্ঠী (এসএইচজি) ও ‘লখপতি দিদি’ প্রকল্পের কথাও তুলে ধরেন। তাঁর মতে, এই উদ্যোগগুলি গ্রামীণ অর্থনীতিতে নারীদের আর্থিক শক্তি বাড়াচ্ছে এবং নতুন ধরনের উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলছে।

শ্রীলঙ্কার মন্ত্রী সরোজা সাভিত্রী পলরাজ বলেন, এই সফরের মাধ্যমে তাঁদের প্রতিনিধি দল ভারতের নারী-নেতৃত্বাধীন উন্নয়ন মডেল, স্ব-সহায়ক গোষ্ঠীর কাজ এবং ডিজিটাল বাণিজ্যের অগ্রগতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে।

তিনি কোভিড-১৯ মহামারি এবং ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর সময় শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande