
কলকাতা, ১১ মে ( হি. স.) : টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা শেয়ার করে পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যৎ এবং রাজ্যের হারানো গৌরব ফিরে পাওয়ার বিষয়ে নিজের আশা প্রকাশ করেছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন যে, এই জয় কেবল রাজনৈতিক জয় নয়, বরং সাধারণ মানুষের জন্য এটি একটি বড় সংকল্প। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
নিজের বার্তায় ‘মোদীর গ্যারান্টি’র প্রসঙ্গও টেনে এনেছেন জিৎ। তিনি বলেন যে, সাধারণ মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির ওপর গভীর আস্থা রয়েছে। অভিনেতা স্বীকার করেন যে, দীর্ঘ সময় ধরে বাংলার গৌরব, পরিচয়, সংস্কৃতি এবং শিক্ষার মান কোথাও না কোথাও দুর্বল হয়েছে, যা নিয়ে তিনি নিজের উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সম্পদ, প্রতিভা এবং অসংখ্য অবদানে সমৃদ্ধ একটি রাজ্য। এখানকার মানুষ পরিশ্রমী এবং সাংস্কৃতিক ঐতিহ্যে বিশ্বাসী। তিনি আশা প্রকাশ করেন যে, বিজেপি সরকার রাজ্যের জন্য এক নতুন ভোরের সূচনা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া গ্যারান্টির ওপর কোটি কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশা টিকে আছে বলেও তিনি মন্তব্য করেন।
অভিনেতা তাঁর পোস্টে আরও লিখেছেন যে, তিনি পশ্চিমবঙ্গকে আবারও ‘সোনার বাংলা’ হিসেবে দেখতে চান এবং রাজ্যের হারানো সম্মান পুনরুদ্ধার করতে চান। তিনি তাঁর এই বার্তাটি ‘জয় হিন্দ’ লিখে শেষ করেন। উল্লেখ্য, বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে জিতের উপস্থিতি রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যে মোদীর গ্যারান্টি নিয়ে এই পোস্ট রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
যদিও এর আগে তাঁকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে, তবে এর আগে কখনও তাঁকে সরাসরি কোনও রাজনৈতিক মঞ্চে সক্রিয় হতে দেখা যায়নি। টলিউডের ‘বস’ হিসেবে পরিচিত জিৎ সবসময়ই নিজেকে রাজনৈতিক রঙ থেকে দূরে রেখে চলতেন, কিন্তু এবারের চিত্রটি সম্পূর্ণ আলাদা। ব্রিগেডের জনসভায় তাঁর উপস্থিতি রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে জল্পনা তীব্র করেছে। রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখা জিতের এই পোস্ট এবং ব্রিগেডে তাঁর উপস্থিতি নতুন কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে টলিউডের অন্দরেও এখন জোর চর্চা চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি