
কলকাতা, ১১ মে (হি.স.): মুর্শিদাবাদের নবাবি ঐতিহ্যের অন্যতম প্রধান অঙ্গ আম। সেই হেরিটেজ বা ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে আগামী ১ জুন থেকে আজিমগঞ্জের ‘হাউস অফ শেহেরওয়ালি’-তে শুরু হতে চলেছে মাসব্যাপী ‘মুর্শিদাবাদ আম উৎসব ২০২৬’। ‘মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি’ এবং ‘হাউস অফ শেহেরওয়ালি’ যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
উল্লেখ্য, বাংলার প্রাক্তন রাজধানী মুর্শিদাবাদ আজও ১৫০-র বেশি বিরল প্রজাতির আমের ভাণ্ডার। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সামনে রেখে উৎসবে কোহিতুর, বিমলি, রানি, ভবানী, কালাপাহাড়, সারান্ধ্র-সহ বহু দুর্লভ প্রজাতির আম প্রদর্শিত ও পরিবেশন করা হবে। আয়োজকদের দাবি, এই আমগুলির প্রকৃত স্বাদ ও গন্ধ উপভোগ করা যায় শুধুমাত্র বাগানেই, গাছ থেকে সদ্য পেড়ে খাওয়ার অভিজ্ঞতায়।
এই উৎসবে পর্যটকদের জন্য রয়েছে একাধিক আকর্ষণ। দর্শনার্থীরা আমবাগান ভ্রমণ ও নিজের হাতে আম পাড়ার সুযোগ পাবেন। পাশাপাশি শেহেরওয়ালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আম-ভিত্তিক নানা জিভে জল আনা পদ চেখে দেখার ব্যবস্থা থাকবে। যার মধ্যে আম পান্না, আমের ক্ষীর, আম-চাটনি, আম-সন্দেশ এবং বিভিন্ন মৌসুমি খাবার উল্লেখযোগ্য।
উৎসবের প্রেক্ষাপটে ‘হাউস অফ শেহেরওয়ালি’-র প্রতিষ্ঠাতা প্রদীপ চোপড়া বলেন, “মুর্শিদাবাদের আম শুধু একটি ফল নয়, এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল।”
আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই উৎসব। ভিন জেলার পর্যটকদের সুবিধার জন্য বিশেষ আবাসন ও ভ্রমণ প্যাকেজের ব্যবস্থাও রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত