
হাফলং (অসম), ১১ মে (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে উদযাপিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ-এর গৌরবময় ৭৫-তম প্রতিষ্ঠা দিবস তথা প্ল্যাটিনাম জুবিলি। আজ থেকে টানা এক বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ গোটা জেলায় প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান উদযাপন করবে।
আজ সোমবার পরিষদের সচিবালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন জনগোষ্ঠীর পক্ষ থেকে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়েছে।
প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতি নিজেদের অঙ্গীকার করে দেবোলাল গার্লোসা বলেন, ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম প্রাচীন স্বশাসিত পরিষদ হিসেবে উত্তর কাছাড় স্বশাসিত পরিষদ জেলার বিভিন্ন জনগোষ্ঠীর সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও প্রথা সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠা দিবস উদযাপন নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। জেলার বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান ও প্রাণবন্ত সাংস্কৃতিক চেতনাকে এই অনুষ্ঠান তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে পরিষদ আদালত গ্রন্থাগার কক্ষও উদ্বোধন করা হয়, যা জ্ঞানচর্চা, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি পরিষদের অব্যাহত প্রতিশ্রুতির প্রতীক হয়ে থাকবে বলে মন্তব্য করেন দেবোলাল গার্লোসা।
এদিন জেলার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ডিমাসা মাধ্যমের পাঠ্যপুস্তক প্রকাশ করার পাশাপাশি জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে একটি কফি টেবিল বই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাইয়ের রচিত একটি বইয়ের উন্মোচন করেন দেবোলাল গার্লোসা। তাছাড়া ডিমাসা ডারা দিসা প্রকল্প ২০২৫-এর অধীনে সেরা গ্রাম হিসেবে ডিমাইনো এক ও আমলাংব্রা গ্রামকে পুরস্কার প্রদান করা হয়। গ্রামপ্রধানদের পারিশ্রমিক তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষনা করেন দেবোলাল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের সেরা ১০ শিক্ষার্থী এবং সেরা ফলাফল করা সরকারি বিদ্যালয়সমূহকে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি সেরা কৃষক ও সেরা হোমস্টে-কে পুরস্কার প্রদান করা হয়েছে আজকের অনুষ্ঠানে।
উল্লেখ্য, উত্তর কাছাড় স্বশাসিত পরিষদ ১৯৫২ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে। এর ৭৫-তম প্রতিষ্ঠা দিবস ছিল ২৯ এপ্রিল। তবে সাম্প্রতিক অসম বিধানসভা নির্বাচনের আচরন বিধি বলবৎ হওয়ায় ২৯ এপ্রিল অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছিল। এর পর আজ সোমবার পরিষদের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করা হয়।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব