
কাঠমান্ডু, ১১ এপ্রিল (হি. স.) : নেপাল-ভারত সীমান্ত সংলগ্ন মোরং জেলা থেকে ২০ লক্ষ ভারতীয় টাকা উদ্ধার করল নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী । সোমবার সকালে রুটিন তল্লাশি চলাকালীন এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।
সশস্ত্র পুলিশ বাহিনীর মোরং জেলা ডিএসপি শৈলেন্দ্র থাপা জানান, সোমবার সকালে ভারত থেকে আসা ব্যক্তিদের নিয়মিত তল্লাশি করছিল সীমান্ত সুরক্ষা বাহিনী। সেই সময় ৫০০ টাকার নোটের ৪০টি বান্ডিল উদ্ধার করা হয়। জানা গেছে, ভারত থেকে নেপালের দিকে একটি মোটরসাইকেলে করে আসা কয়েকজনকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে।
ডিএসপি থাপা আরও জানান, তল্লাশির সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ব্যক্তিটি তার সঙ্গে থাকা ব্যাগটি ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায়। ব্যাগটি খোলার পর সেখান থেকে এই ২০ লক্ষ টাকা পাওয়া যায়। পলাতক ওই ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ভারতীয় মুদ্রা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি