
কলকাতা, ২১ মে (হি.স.): চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার—এই দু’দিন ধরে বিধানসভায় নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ২৯৩ জন বিধায়কের শপথ গ্রহণ পর্ব সুচারুভাবে সম্পন্ন করতে বর্তমানে চূড়ান্ত ব্যস্ততা চলছে সচিবালয়ে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক ও আলাপ-আলোচনা চালাচ্ছেন আধিকারিকরা।
বিধানসভার নবনির্মিত অ্যানেক্স ভবনেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার প্রো-টেম স্পিকার হিসেবে প্রবীণ বিধায়ক তাপস রায়ের শপথ নেওয়ার কথা রয়েছে। এরপর তাঁর তত্ত্বাবধানেই শুরু হবে বাকি বিধায়কদের শপথ পাঠ করানোর প্রক্রিয়া। সচিবালয় সূত্রে খবর, ২৯৩ জন সদস্যের শপথ গ্রহণের জন্য দু’দিন সময় খুব একটা বেশি নয়, আবার তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া সম্পন্ন করাও সম্ভব নয়। তাই প্রতিটি ধাপ যাতে নিয়ম মেনে হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে। আমন্ত্রিত অতিথি এবং বিধায়কদের যাতায়াত নির্বিঘ্ন করতে মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী। সমস্ত দফতরের কর্মীরা এখন দম ফেলার ফুরসতটুকুও পাচ্ছেন না, যাতে নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা যায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত