
বেলুড়, হাওড়া, ১১ মে (হি. স.):- সোমবার সাত সকালে বাড়ির পাশ থেকে ফুল তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর মুখে পড়লেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বেলুড় থানার অন্তর্গত রামলোচন সাহা স্ট্রিট এলাকায়। মৃতার নাম লালমনি মিশ্র (৬৫)। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর প্রায় পাঁচটা নাগাদ বাড়ির পাশেই ফুল তুলতে বেরিয়েছিলেন লালমনি দেবী। সেই সময় একটি পণ্যবাহী লরি সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পাঁচিলে ধাক্কা মারে। ধাক্কার জেরে পাঁচিল ভেঙে পড়ে বৃদ্ধার উপর। বিশেষ করে পাঁচিলের বড় অংশ তাঁর ঘাড়ের উপর পড়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, দেওয়ালের নিচে চাপা পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, এত বড় লরি কীভাবে সরু গলিতে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেলেও পুলিশ লরিটিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়