
ডায়মন্ড হারবার, ১১ মে (হি. স.):- রাজনৈতিক পালাবদলের আবহে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় বন্ধ হয়ে থাকা পঞ্চায়েত অফিসের তালা খুলে দিলেন বিজেপি প্রার্থী দীপক হালদার। সোমবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে যান এবং অফিস কর্মীদের উপস্থিতিতে তালা খুলে ভিতরে প্রবেশ করান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।বিজেপির অভিযোগ, ২০২৬ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূলের একাংশের কর্মী-সমর্থক রাতারাতি রাজনৈতিক রং বদলে বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁদের দাবি, কপালে গেরুয়া তিলক ও মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে কিছু দুষ্কৃতী তৃণমূল কর্মীদের বাড়িঘরে হামলা চালানোর পাশাপাশি সরকারি অফিস ও পঞ্চায়েত ভবনে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছিল।দীপক হালদার বলেন, রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশে সাধারণ মানুষের স্বার্থে বন্ধ থাকা সরকারি অফিসগুলি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে মানুষ পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই কারণেই এই পদক্ষেপ বলে জানান তিনি।এলাকার বাসিন্দা রমেশ রায় বলেন, দীর্ঘদিন অফিস বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। পঞ্চায়েত খুলে যাওয়ায় এলাকাবাসী স্বস্তি পেয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়