
শিলচর (অসম), ১১ মে (হি.স.) : শিলচরে আইপিএল জুয়ার বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আইপিএলকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত ছিল। এই চক্রের মাধ্যমে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক লেনদেন হয়েছে বলে অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন বেটিং অ্যাপ ও লেনদেন সংক্রান্ত তথ্যও উদ্ধার হয়েছে।
কাছাড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এই অভিযানের পর শিলচর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের একাংশ পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং যুব সমাজকে জুয়ার নেশা থেকে দূরে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস