লোকাল ট্রেনেই রবীন্দ্রজয়ন্তী উদযাপন, গান-কবিতা-নৃত্যে মুখর মহিলা যাত্রীরা
হাবরা, ১১ মে (হি. স.): কর্মব্যস্ত জীবনের মাঝেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনে অনন্য উদ্যোগ নিলেন হাবরা-শিয়ালদহ লোকালের মহিলা যাত্রীরা। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটের হাবরা-শিয়ালদহগামী লোকাল ট্রেনের নির্দিষ্ট কামরায় পালিত হল রবীন্দ্রজয়
রবীন্দ্র জয়ন্তী পালন


হাবরা, ১১ মে (হি. স.): কর্মব্যস্ত জীবনের মাঝেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনে অনন্য উদ্যোগ নিলেন হাবরা-শিয়ালদহ লোকালের মহিলা যাত্রীরা। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটের হাবরা-শিয়ালদহগামী লোকাল ট্রেনের নির্দিষ্ট কামরায় পালিত হল রবীন্দ্রজয়ন্তী। এবছর এই উদ্যোগের ১১-তম বর্ষে পা দিলেন তাঁরা। মহিলা যাত্রীরা ট্রেনের কামরা ফুল, গামছা, সাজানো কুলো ও হাতপাখা দিয়ে বাঙালিয়ানার আবহে সাজিয়ে তোলেন। কোথাও রবীন্দ্রনাথের গানের লাইন, কোথাও আবার কবিতার অংশ লিখে সাজানো হয় কামরা। যাত্রা শুরুর আগে হাবরা স্টেশনে কামরার সামনে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধা জানান মহিলা ও পুরুষ সহযাত্রীরা। ট্রেনের চালকও এসে মাল্যদান করেন। এরপর ট্রেন চলতে শুরু করলে খালি গলায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে গোটা কামরা উৎসবের আবহে ভরে ওঠে। শিয়ালদহ পর্যন্ত চলতে থাকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর যাত্রীরা নিজ নিজ কর্মস্থলে চলে যান। উদ্যোক্তাদের বক্তব্য, রবীন্দ্রজয়ন্তীর দিন কাজের চাপে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয় না বলেই কর্মব্যস্ততার প্রথম দিনেই ট্রেনের মধ্যেই এই আয়োজন করা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande