
নয়াদিল্লি, ১১ মে (হি স): এসআইআর প্রক্রিয়ায় এখনও ৩৫ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। সোমবার এসআইআর মামলার শুনানিতে ভোটের ফলে ট্রাইবুনালে ঝুলে থাকা ভোটারের সংখ্যা কতখানি প্রভাব ফেলল, তা নিয়ে প্রশ্ন উঠল শীর্ষ আদালতে।
এই মামলায় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের পরাজয়ের ক্ষেত্রে বিজেপির সঙ্গে ব্যবধান ৩২ লক্ষ। যেখানে বিচারাধীন থাকা ভোটারের সংখ্যা ৩৫ লক্ষ। পিটিশন ফাইলের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে আবেদন জানান কল্যাণবাবু।
এদিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে তিনি বলেন, “৩১ টা এমন আসন রয়েছে, যেখানে যত নাম বাদ গিয়েছে বা বিচারধীন রয়েছে, ভোটের ফলের ক্ষেত্রে ব্যবধানও তেমনই।” একটি আসনের উদাহরণ টেনে কল্যাণ বলেন, “৮৭২ ভোটে আমাদের প্রার্থী হেরেছেন। সেখানে ৫ হাজার নাম বাদ গিয়েছে।”
কল্যাণবাবু আবেদন করেন, “এই যুক্তিতে ‘ইলেকশন পিটিশন ফাইল’ করার অনুমতি দিন।” বিচারপতি জয়মাল্য বাগচী কল্যাণের উদ্দেশে বলেন, “আপনি আলাদা করে ‘ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন’ করুন। একটি মামলা চলাকালীন কোনও অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়ার জন্য আবেদন করা) ফাইল করুন। কমিশনের তরফে মিস্টার নাইডু তাঁদের যা বলার বলবেন। আমরা খতিয়ে দেখে নির্দেশ দেব।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত