
নয়াদিল্লি, ১১ মে (হি স): মোথাবাড়ি কাণ্ড সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা দিয়েছে এনআইএ। সোমবার শীর্ষ আদালতে ছিল মোথাবাড়ি কাণ্ডের শুনানি। সেখানেই আদালত সাফ জানায়, আগামী ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত।
ভোটার তালিকায় নাম না ওঠায় গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদার কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস। একইসঙ্গে মালদার পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করে সুপ্রিম কোর্ট। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকেও শোকজ নোটিস দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, বর্তমানে মোথাবাড়ি কাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা ১২টি এফআইআরের তদন্ত করছে এনআইএ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত