
চম্বা, ১১ মে (হি.স.): হিমাচল প্রদেশের চম্বায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ পর্যটক-সহ ৬ জনের। মৃত পর্যটকরা গুজরাটের বাসিন্দা। হিমাচলে তাঁরা বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার ভোররাতে চম্বা জেলার চৌয়ারি মহকুমার কাকিরার কাছে, যাত্রীবাহী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে ৬ জন নিহত এবং চারজন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে রয়েছেন গুজরাটের পাঁচজন পর্যটক এবং গাড়িটির চালক।
পুলিশের তথ্য মতে, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যে লাহরু-ডালহৌসি সড়কে ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ললিত ভাই ফাটনানি ও তাঁর স্ত্রী মমতা; এবং প্রিয়ঙ্ক কানহাইয়া লাল, তাঁর স্ত্রী কাজল ও তাঁদের ছেলে দিয়াংশ। মান্ডির যোগিন্দরনগর মহকুমার বাসিন্দা চালক যশবন্তও নিহতদের তালিকায় রয়েছেন।
চম্বার পুলিশ সুপার বিজয় কুমার সাকলানি জানান, পর্যটকরা যখন ডালহৌসি থেকে মানালির দিকে যাচ্ছিলেন, তখন কাকিরার অদূরে রাস্তার একটি সরু অংশে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন; এর ফলে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। তিনি বলেন, “আহত চারজনকে চিকিৎসার জন্য ‘ডা. রাজেন্দ্র প্রসাদ সরকারি মেডিকেল কলেজ, তান্ডা’-তে স্থানান্তর করা হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ