
চেন্নাই, ১১ মে (হি.স.): অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা জোসেফ বিজয় রবিবার তামিলনাড়ুর ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীদের তালিকায় পঞ্চম সর্বকনিষ্ঠ হিসেবে জায়গা করে নিলেন। মাত্র দু’বছর আগে গঠিত তাঁর দল ‘তামিলাগা ভেট্রি কাজগম’-কে ক্ষমতায় এনে তিনি নতুন রাজনৈতিক নজির গড়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এখনও পর্যন্ত ১৮ জন মুখ্যমন্ত্রী পদ সামলেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সে মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে জে. জয়ললিতার নামে। ১৯৯১ সালে মাত্র ৪৩ বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন। তিনিই ছিলেন তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দ্রাবিড় রাজনীতির অন্যতম শীর্ষ নেতা এম. করুণানিধি, যিনি ৪৪ বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন ও. পন্নিরসেলভম। তিনি ৫০ বছর বয়সে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. কামরাজ ৫১ বছর বয়সে মুখ্যমন্ত্রী হন। একই বয়সে এবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জোসেফ বিজয়। যদিও একই বয়স হওয়া সত্ত্বেও রাজনৈতিক ক্রম অনুযায়ী কামরাজকে তাঁর আগে রাখা হয়েছে।
এছাড়া দ্রাবিড় আন্দোলনের অন্যতম নেতা সি. এন. আন্নাদুরাই ৫৭ বছর বয়সে এবং জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক এম. জি. রামচন্দ্রন ৬০ বছর বয়সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী হওয়া নেতাদের মধ্যে এদাপ্পাড়ি কে. পলানিস্বামী ৬২ বছর এবং এম. কে. স্ট্যালিন ৬৮ বছর বয়সে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলচ্চিত্র জগতে বিপুল জনপ্রিয়তা অর্জনের পর খুব কম সময়ের মধ্যে জোসেফ বিজয়ের ক্ষমতায় পৌঁছনো তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য