
কলকাতা, ১১ মে (হি স): পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। সূত্রের খবর, আপাতত আগামী কয়েক মাস রাজ্যের মুখ্যমন্ত্রীর পাহারায় মোতায়েন থাকবে জোড়া বাহিনী। অর্থাৎ, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তাঁর নিরাপত্তায় দেখা যাবে রাজ্য পুলিশকেও।
২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে তিনি বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পরেও সেই নিরাপত্তা বজায় ছিল। তৎকালীন রাজ্য সরকার ভবানীপুরের বিধায়কের জন্য পুলিশি নিরাপত্তা দিতে চাইলেও শুভেন্দুবাবু নিজে তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন।
বিরোধীনেতা থাকাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর ওপর হামলার চেষ্টা হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে জেড (Z) পর্যায়ের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সিআরপিএফ-এর সেই ঘেরাটোপেই ছিলেন তিনি। আগামী কয়েক মাস রাজ্যের মুখ্যমন্ত্রীর পাহারায় মোতায়েন থাকবে জোড়া বাহিনী। অর্থাৎ, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তাঁর নিরাপত্তায় দেখা যাবে রাজ্য পুলিশকেও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত