
ভাবনগর, ১১ মে (হি.স.): হিমাচল প্রদেশের মানালি বেড়াতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হল গুজরাটের ভাবনগরের একটি সিন্ধি পরিবার। মানালির কাছে গভীর খাদে গাড়ি পড়ে যাওয়ায় পরিবারের ৫ সদস্য-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সিন্ধি সমাজের মধ্যে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ললিতভাই ফতনানি পরিবার-সহ হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলেন। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টে নাগাদ তাঁরা গাড়িতে করে মানালি থেকে বেলা যাচ্ছিলেন। সেই সময় কাংড়া জেলার ছাবা এলাকায় জাতীয় সড়ক-২৮-এর উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।
গাড়িতে শিশু ও চালক-সহ মোট ১০ জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে চারজনকে জীবিত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
মৃতদের মধ্যে রয়েছেন ললিতভাই ফতনানি, সোনিয়াবেন ফতনানি, প্রিয়ঙ্কভাই ভোপানি, কাজলবেন ভোপানি, দিব্যাংশু ভোপানি এবং গাড়ির চালক যশবন্ত কুমার।
আহতদের মধ্যে রয়েছেন ময়ঙ্কভাই ফতনানি, ফোরমবেন ফতনানি, জিয়াংশ ফতনানি এবং প্রিয়াংশী ভোপানি।
চম্বার পুলিশ সুপার বিজয় কুমার সাকলানি জানিয়েছেন, পর্যটকরা ডালহৌসি থেকে মানালির দিকে যাচ্ছিলেন। কাকিরার কাছে রাস্তার একটি সরু অংশে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
সিন্ধু সেনার প্রদেশ সভাপতি কমলেশ চাঁদানী জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তিনি হিমাচল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সবরকম সহায়তার ব্যবস্থা করছেন। তাঁর দাবি, ফতনানি ও ভোপানি পরিবারের মোট ৯ সদস্য এই সফরে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৫ জন পরিবারের সদস্য ও গাড়ির চালক-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। বাকি ৪ জনের হাসপাতালে চিকিৎসা চলছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য