
ঝাড়গ্রাম, ১১ মে (হি.স.): ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয় দখলকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের আবহে এবার অবস্থান নরম করল বিজেপি। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে দখল হওয়া দলীয় কার্যালয় ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সোমবার দাবি জেলা বিজেপি নেতৃত্বের।
এ বিষয়ে জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশিস কুন্ডু বলেন, রাজ্য নেতৃত্বের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও পার্টি অফিস জোর করে দখল করা যাবে না। সেই বার্তা ইতিমধ্যেই মণ্ডল সভাপতিদের জানানো হয়েছে।
অন্যদিকে সরকারি জমিতে গড়ে ওঠা দলীয় কার্যালয় নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ। তিনি স্পষ্ট জানান, সরকারি সম্পত্তি দখল করে দলীয় কার্যালয় চালানো যাবে না। সেইসব জায়গায় আরোগ্য কেন্দ্র গড়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
লক্ষীকান্ত সাউ বলেন, “পার্টি অফিস থাকতেই পারে, কিন্তু সরকারি জমিতে দলীয় কার্যালয় চলবে না। প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা করে সেখানে আরোগ্য কেন্দ্র চালু করা হবে।”
এদিকে রবিবার ঝাড়গ্রাম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি নেতারা তালা খুলে দেন। উপস্থিত ছিলেন বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত দাস এবং তৃণমূলের পুর প্রতিনিধি গৌতম মাহাতো। বিজেপির দাবি, নির্বাচনী জয়ের পর উচ্ছ্বাসে কেউ অফিসে তালা দিয়ে গেরুয়া রং করে দেয়।
অমিত দাস জানান, রাজ্য নেতৃত্বের শান্তির নির্দেশ মেনেই তৃণমূল প্রতিনিধিকে সঙ্গে নিয়ে তালা খুলে দেওয়া হয়েছে।
গৌতম মাহাতো বলেন, তাঁকে সঙ্গে নিয়েই তালা খোলা হয়েছে এবং তিনি এই পদক্ষেপে সন্তুষ্ট।
অন্যদিকে গোপীবল্লভপুর-১ ব্লকের হাতিবাড়ি মোড় এলাকায় তৃণমূল কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ ওঠে, পরে তা সরিয়ে দেওয়া হয়। তবে অভিযোগ, ঝাড়গ্রাম শহর ও লালগড়ের সিঞ্জুয়া সহ আরও কয়েকটি এলাকায় এখনও তৃণমূলের পার্টি অফিস বিজেপির দখলে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো