
উদয়পুর (ত্রিপুরা), ১১ মে (হি.স.) : ২০২১ সালে আগরতলায় অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের এক জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় সোমবার গোমতী জেলার উদয়পুর জেলা ও দায়রা আদালতে হাজির হন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা তথা সদ্য নির্বাচিত বিধায়ক কুনাল ঘোষ।
আদালতে প্রবেশের আগে সাংবাদিকরা তাঁর কাছে আসার উদ্দেশ্য জানতে চাইলে কুনাল ঘোষ সরাসরি কোনও মন্তব্য না করে বলেন, “আদালতে যে উদ্দেশ্যে এসেছি, আগে সেই কাজটা সেরে নিই।” এরপর তিনি দ্রুত আদালতের ভিতরে প্রবেশ করেন।
পরে তাঁর আইনজীবী প্রবাহন সরকার সাংবাদিকদের জানান, ২০২১ সালের ৩১ অক্টোবর আগরতলায় তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় কুনাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সজল ভৌমিক নামে এক ব্যক্তি রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর সোমবার ওই মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
চার্জশিট জমা পড়ার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে কুনাল ঘোষ এদিন আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত তাঁর আবেদন মঞ্জুর করে আগাম জামিন প্রদান করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে রাজনৈতিক মহলেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। যদিও মামলার বিষয়ে কুনাল ঘোষ নিজে বিস্তারিত মন্তব্য করেননি, তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে পরবর্তী আইনি প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ