এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ–জল সংকটে বিপর্যস্ত পাঁচ শতাধিক মানুষ
শান্তিরবাজার (ত্রিপুরা), ১১ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কালাপাড়া গ্রামে গত এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক বাসিন্দা। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর
জনগণের বিক্ষোভ


শান্তিরবাজার (ত্রিপুরা), ১১ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কালাপাড়া গ্রামে গত এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক বাসিন্দা। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণ ব্যাহত হয়েছে, স্কুলে মিড-ডে মিল রান্না বন্ধ হয়ে পড়েছে এবং অসহনীয় গরমে শিশু থেকে বৃদ্ধ সকলেই নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির জন্য বকাফা বিদ্যুৎ দফতরের চরম গাফিলতি ও নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের নিচ দিয়ে মাটির তলায় যাওয়া এলটি (লো-টেনশন) বিদ্যুৎ লাইনটি বিকল হয়ে পড়ায় গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক মাস ধরে সমস্যাটি অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের দাবি, একাধিকবার মৌখিক ও লিখিতভাবে বকাফা বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখেনি।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গ্রামের পানীয় জলের পাম্প সম্পূর্ণ অচল হয়ে যায়। ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পরিবারকে দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। একই সঙ্গে স্থানীয় স্কুলে বিদ্যুৎ না থাকায় মিড-ডে মিল রান্না বন্ধ রয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত খাবার থেকে বঞ্চিত হচ্ছে।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় রাতের বেলায় নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে। মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজও ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক মানুষদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জনৈক বাসিন্দার কথায়, “আমরা কি মানুষ নই? এক মাস ধরে বিদ্যুৎ নেই, জল নেই। এত অভিযোগ করার পরও কেউ আমাদের কথা শুনছে না।”

পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে কালাপাড়া গ্রামের বহু মহিলা একত্রিত হয়ে বকাফা বিদ্যুৎ দফতরে যান। সেখানে এসডিও-র দফতরের সামনে তাঁরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের দাবি জানান এবং দফতরের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

গ্রামবাসীদের হুঁশিয়ারি, অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁরা রাস্তা অবরোধসহ বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবেন। এদিকে, এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশাসন ও বিদ্যুৎ দফতর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande