
নয়াদিল্লি, ১১ মে (হি.স.): পূর্বাঞ্চলকে রেল সংযোগের ক্ষেত্রে বড় উপহার দিতে চলেছে কেন্দ্র। শীঘ্রই দিল্লির সঙ্গে সংযোগকারী একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে তিনি দোহরিঘাট-অউন্দিহার প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই নতুন দৈনিক ট্রেন পরিষেবা মউ ও গাজিপুর জেলার যাত্রীদের সাশ্রয়ী, নিরাপদ ও সহজ যাত্রা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, আউঁড়িহার–দোহরিঘাট প্যাসেঞ্জার পরিষেবাকে শীঘ্রই বারাণসী পর্যন্ত সম্প্রসারণ করা হবে, যার ফলে যাত্রী, ছাত্র, ব্যবসায়ী এবং তীর্থযাত্রীরা সরাসরি উপকৃত হবেন।
নতুন ট্রেনটি সাদাত, জাখানিয়ান, দুল্লাপুর, মৌ, ইন্দারা, কোপাগঞ্জ, ঘোসি, আমিলা এবং মুরাদপুর স্টেশনে থামবে। এটি আটটি কোচ নিয়ে চলবে।
মন্ত্রী জানান, পূর্বাঞ্চল থেকে দিল্লির জন্য একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালুর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ট্রেনটি ছাপরা, বলিয়া, মউ, আজমগড়, শাহগঞ্জ, জৌনপুর, সুলতানপুর, লখনউ, কানপুর, আলিগড় ও গাজিয়াবাদ হয়ে আনন্দ বিহার পর্যন্ত যাবে।
তিনি আরও জানান, ২০১৪ সালের তুলনায় উত্তর প্রদেশের রেল বাজেট উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে একাধিক রেল প্রকল্প চলমান রয়েছে। রাজ্যে নতুন লাইন, ডাবলিং এবং মাল্টি-লাইন করিডর প্রকল্প দ্রুতগতিতে এগোচ্ছে।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রাজ্যের ১৫৭টি স্টেশনের পুনর্গঠন চলছে, যার মধ্যে ২৮টি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এছাড়া কোভিড পরবর্তী সময়ে রাজ্যে ৫৮টি নতুন ট্রেন চালু হয়েছে এবং শতাধিক ট্রেনের সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে রাজ্যে বহু অমৃত ভারত এক্সপ্রেস ও বন্দে ভারত ট্রেন চলাচল করছে।
অনুষ্ঠানে উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী ও রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য