রাজ্যে একগুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: জুনেই শুরু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ ও বিনামূল্যে বাস পরিষেবা
কলকাতা, ১১ মে (হি. স.) : রাজ্যে পালাবদলের পর প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল নতুন সরকার। সোমবার নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী জুন মাস থ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১১ মে (হি. স.) : রাজ্যে পালাবদলের পর প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল নতুন সরকার। সোমবার নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী জুন মাস থেকেই রাজ্যের মহিলারা ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। পাশাপাশি চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-ও।

নির্বাচনী ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে তারা ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প চালু করবে। সেই ঘোষণা অনুযায়ী, আগামী মাস থেকেই রাজ্যের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন, যেখানে প্রতি মাসে ৩ হাজার টাকা করে সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাড়তি কোনও শর্ত বা নিয়মাবলী থাকবে কি না, তা নিয়ে নবান্নের তরফে শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া, জুন মাস থেকেই রাজ্যের সরকারি বাসে মহিলাদের আর কোনও টিকিট কাটতে হবে না; সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন তাঁরা।

রাজ্যের সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। আগামী মাস থেকেই এই পরিষেবা রাজ্যে কার্যকর হবে, যার ফলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা।

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের আশঙ্কা দূর করে স্পষ্ট জানিয়ে দেন যে, রাজ্যে আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। তিনি বলেন: “৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের—রাজ্যে চালু থাকা কোনও সামাজিক কর্মসূচিই এই সরকার বন্ধ করছে না। পূর্ববর্তী সরকারের সমস্ত জনহিতকর প্রকল্প বহাল থাকবে।”

এ দিনের এই গুচ্ছ ঘোষণার পর নবান্নের অলিন্দে এখন সাজ সাজ রব। প্রশাসনিক মহলের মতে, নতুন সরকারের এই দ্রুত সিদ্ধান্তগুলি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রাজ্যের পরিকাঠামো ও সামাজিক নিরাপত্তা বলয়কে আরও মজবুত করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande