
বক্সনগর (ত্রিপুরা), ১১ মে (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘর থানাধীন তৈবান্দাল-চণ্ডীবান এলাকার নির্জন রাবার বাগানে দিনের আলোতেই সিনেমার কায়দায় পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আতঙ্কিত না হয়ে কয়েকজন যুবকের সাহসিকতায় এক অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা সম্ভব হয়েছে। ধৃত যুবকের নাম রবীন্দ্র ত্রিপুরা। তার বাড়ি তৈবান্দাল শুকনাছড়া বেলবাড়ি এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মোহনভোগ ও চুন্দল এলাকার কয়েকজন যুবক চণ্ডীবান লেক ঘুরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চণ্ডীবান এলাকার একটি নির্জন রাবার বাগানের মধ্যে পৌঁছাতেই তাঁদের পথরোধ করে রবীন্দ্র ত্রিপুরা এবং তার সঙ্গে থাকা আরও চার যুবক।
অভিযোগ, ওই সময় রবীন্দ্র ত্রিপুরা কোমর থেকে একটি পিস্তল বের করে যুবকদের লক্ষ্য করে ভয় দেখাতে শুরু করে। এরপর তাঁদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আচমকা এমন পরিস্থিতিতে যুবকেরা প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত সাহস সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তোলেন।
জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা অভিযুক্তদের ওপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি বেগতিক বুঝে রবীন্দ্রর সঙ্গে থাকা অপর চার সহযোগী সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় যুবকদের তৎপরতায় রবীন্দ্র ত্রিপুরাকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়।
খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধৃতকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে আতঙ্কিত করে ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই খেলনা পিস্তল ব্যবহার করা হচ্ছিল।
বর্তমানে ধৃত রবীন্দ্র ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করে তার পলাতক চার সহযোগীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি তাদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এদিকে প্রকাশ্য দিবালোকে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তৈবান্দাল ও চণ্ডীবান এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই পলাতক অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ