
কদমতলা (ত্রিপুরা), ১১ মে (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর জয় এবং দেশের অন্যান্য তিন রাজ্যে বিজেপি-র উল্লেখযোগ্য সাফল্যকে কেন্দ্র করে সোমবার উত্তর ত্রিপুরা জেলার ৫৪ নং কদমতলা-কুর্তি মণ্ডলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সদ্য নির্বাচিত ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, উত্তর জেলা বিজেপি-র সভাপতি কাজল দাস, হাসিম তালুকদার, মণ্ডল সম্পাদক দীপঙ্কর নাথসহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থক।
দুপুর প্রায় ১২টায় কদমতলা মোটরস্ট্যান্ড থেকে বিজয় মিছিলটি শুরু হয়। মিছিলটি কদমতলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিক্রমা করে নটরাজ মুক্তমঞ্চে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ভগবান দাস বলেন, “দেশের মানুষ উন্নয়ন, সংবিধান ও জাতীয় স্বার্থ রক্ষার স্বার্থে বিজেপির উপর আস্থা রেখেছেন। বর্তমানে সিপিএমের ভিত্তি দেশজুড়ে ভেঙে পড়েছে। ২০২৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”
নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী ধর্মনগর উপনির্বাচনে জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মনগরের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির সাফল্যকে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন।
বিজয় মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিল শেষে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে এই আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ