
নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : বাতিল হওয়া নিট-ইউজি ২০২৬ পরীক্ষা পুনরায় হবে। তার সম্পূর্ণ সূচি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র মহাপরিচালক অভিষেক সিং। মঙ্গলবার তিনি জানান, মেডিক্যাল কলেজে ভর্তি ও শিক্ষাবর্ষের ক্যালেন্ডার যাতে প্রভাবিত না হয়, সেই লক্ষ্যেই দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজনের প্রস্তুতি চলছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক সিং বলেন, “নতুন পরীক্ষার তারিখ নিয়ে আমাদের টিম আলোচনা করছে। আগামী ৭-১০ দিনের মধ্যেই পূর্ণ সূচি জানিয়ে দেওয়া হবে। আমাদের চেষ্টা থাকবে যাতে মেডিক্যালে ভর্তি প্রক্রিয়ার শিক্ষাবর্ষে কোনও প্রভাব না পড়ে।”
তিনি জানান, প্রশ্নফাঁস এবং পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলে যাওয়া কিছু প্রশ্নের তথ্য সামনে আসার পরেই নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর কথায়, ৭ মে রাতে এক হুইসেলব্লোয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া একটি পিডিএফের তথ্য পাওয়া যায়, যেখানে কিছু প্রশ্ন পরীক্ষার আসল প্রশ্নের সঙ্গে মিলে যায়।
অভিষেক সিং বলেন, “আমি এটা বলব না যে পুরো প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। কিন্তু যদি একটি প্রশ্নও মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায়, তাহলে তা আমাদের ‘জিরো টলারেন্স’ এবং ‘জিরো এরর’ নীতির লঙ্ঘন। সেই কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, গোটা ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। কোথা থেকে এই অনিয়ম শুরু হয়েছে, কতজন এবং কতগুলি রাজ্য এর সঙ্গে জড়িত, তা তদন্তে সামনে আসবে বলেও তিনি জানান।
এনটিএ ডিজি বলেন, “ভিতরের হোক বা বাইরের, যে-ই দোষী হোক না কেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য সিবিআইকে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে।”
তিনি আরও স্পষ্ট করে জানান, পুনরায় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের আবেদনপত্র, পরীক্ষাকেন্দ্র ও প্রার্থীদের তথ্যই বহাল থাকবে। কোনও অতিরিক্ত ফি–ও নেওয়া হবে না এবং আগের পরীক্ষার ফি–ও ফেরত দেওয়া হবে।
অভিষেক সিং বলেন, এনটিএ ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের উদ্বেগ বুঝতে পারছে এবং সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় পরীক্ষা আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য