
জৌনপুর, ১২ মে (হি.স.) : হারানো ও চুরি যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল উত্তর প্রদেশের জৌনপুর সাইবার ক্রাইম সেল। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
মঙ্গলবার পুলিশ লাইন্সের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলি ফোনের মালিকদের হাতে তুলে দেন এসপি সিটি আয়ুষ শ্রীবাস্তব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিইআইআর পোর্টালের সাহায্যে মোবাইলগুলির সন্ধান পেয়ে সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।
জেলা পুলিশের দাবি, এখনও পর্যন্ত মোট ১,৬৪০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির মোট আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২৮ লক্ষ টাকা।
উদ্ধার হওয়া মোবাইলগুলি জৌনপুরের বিভিন্ন থানা এলাকা ছাড়াও আজমগড়, বারাণসী, সুলতানপুর, প্রয়াগরাজ, লখনউ, কানপুর, বলিয়া, প্রতাপগড় ও ভাদোহি-সহ একাধিক জেলা থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার ও রাজস্থান থেকেও মোবাইল উদ্ধার হয়েছে।
অনুষ্ঠানে এসপি সিটি সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানিয়েছেন, মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় বা সিইআইআর পোর্টালে অভিযোগ জানাতে। পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হলে ১৯৩০ নম্বরে ফোন করে বা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস