ভয়াবহ দুর্ঘটনা শান্তিপুরে, ডাম্পারের ধাক্কায় মৃত ৩ পুণ্যার্থী
শান্তিপুর, ১২ মে (হি.স.): মানত রক্ষা করতে বর্ধমানের জামালপুর শিব মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়লেন একদল পুণ্যার্থী। সোমবার রাতে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রু
ভয়াবহ দুর্ঘটনা শান্তিপুরে, ডাম্পারের ধাক্কায় মৃত ৩ পুণ্যার্থী


শান্তিপুর, ১২ মে (হি.স.): মানত রক্ষা করতে বর্ধমানের জামালপুর শিব মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়লেন একদল পুণ্যার্থী। সোমবার রাতে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী ডাম্পার পুণ্যার্থীদের চারচাকা গাড়িটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার দৌলা গ্রাম থেকে প্রায় ২৫ জন গ্রামবাসী একটি ম্যাক্স গাড়িতে করে জামালপুরে পুজো দিতে গিয়েছিলেন। সোমবার রাতে পুজো সেরে বাড়ি ফেরার পথে, রাত ১২টা নাগাদ ফুলিয়া চাপাতলা এলাকার জাতীয় সড়কে ডাম্পারটি তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে। ঘাতক ডাম্পারের ধাক্কায় পুণ্যার্থীদের গাড়িটি উল্টে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়েই মৃত্যু হয় কয়েকজনের।

দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মৃতদের নাম গৌতম সিং, নারায়ণ সরকার এবং শ্রাবন্তী সিং। তাঁদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। দুর্ঘটনার পর থেকেই ঘাতক ডাম্পারের চালক পলাতক। পুলিশ ঘাতক যানটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাম্পারের অতিরিক্ত গতির কারণেই এই বিপর্যয় ঘটেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande