
হরিদ্বার, ১২ মে (হি.স.) : উত্তরাখণ্ডে ‘মাদকমুক্ত দেবভূমি’ অভিযানে বড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ)। হরিদ্বার জেলার লান্ধৌরা এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার নিষিদ্ধ ট্রামাডল ক্যাপসুল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ‘মাদকমুক্ত দেবভূমি’ অভিযানের অংশ হিসেবে রাজ্যজুড়ে মাদক ব্যবসার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। পুলিশের মহা নির্দেশক দীপম শেঠের নির্দেশে এসটিএফ ও এএনটিএফ দল মঙ্গলাউর থানার পুলিশের সঙ্গে যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানের সময় লান্ধৌরা এলাকা থেকে বিপুল পরিমাণ ট্রামাডল ক্যাপসুল উদ্ধার হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ইন্সপেক্টর হরিশ ড্রাগ পরীক্ষা করে জানান, উদ্ধার হওয়া ওষুধগুলি নিষিদ্ধ মাদকদ্রব্যের অন্তর্ভুক্ত। উদ্ধার হওয়া ক্যাপসুলগুলির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।
এছাড়া পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। তদন্তে পলাতক অভিযুক্তদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম ফারুক। সে হরিদ্বারের বাহাদরাবাদ এলাকার বাসিন্দা মাহমুদের ছেলে। অন্য এক অভিযুক্তের পরিচয় জানার চেষ্টা চলছে। পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত করছে তদন্তকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস