
লখনউ, ১২ মে (হি.স.) : উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের বাজারখালা থানা এলাকার অগ্রসেন পার্ক থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত আধিকারিক (এসএইচও) ব্রজেশ সিং জানান, পার্কে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বলে খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে মৃতের পরিচয় জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। মৃতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা যায়, দুই ব্যক্তি একসঙ্গে পার্কে ঢুকছেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে একজনকে হাতে লাঠি নিয়ে পার্কে ঢুকতে এবং পরে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজনের নাম পিন্টু। তিনি মতিঝিল এলাকার বাসিন্দা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস