
নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো সংক্রান্ত ২০ লক্ষ টাকার ঘুষকাণ্ডে তিন অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন দুই মধ্যস্থতাকারী ও এক সহযোগী। তবে পঞ্জাব ভিজিল্যান্সের ডিজি-র রিডার ওপি রানা এখনও পলাতক বলে জানিয়েছে সিবিআই।
মঙ্গলবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের এক স্টেট ট্যাক্স অফিসারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। অভিযোগ, বিকাশ ওরফে ভিকি গোয়েল এবং তাঁর ছেলে রাঘব গোয়েল অভিযোগকারীর বিরুদ্ধে চলা একটি মামলার নিষ্পত্তি করিয়ে দেওয়ার নাম করে ২০ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। তারা ডিজি (ভিজিল্যান্স) পঞ্জাবের রিডার ওপি রানার হয়ে মধ্যস্থতার কাজ করছিল বলে অভিযোগ। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। পরে ঘুষের অঙ্ক ২০ লক্ষ টাকা থেকে কমিয়ে ১৩ লক্ষ টাকা করা হয়। পাশাপাশি ওপি রানার জন্য একটি দামি মোবাইল ফোনও দাবি করা হয়।
১১ মে চণ্ডীগড়ে ফাঁদ পেতে সিবিআই অভিযুক্ত অঙ্কিত ওয়াধওয়াকে ১৩ লক্ষ টাকা এবং মোবাইল ফোন নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে। সিবিআইয়ের অভিযানের সময় রাঘব গোয়েল, বিকাশ গোয়েল ও ওপি রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ধাওয়া করে পঞ্জাব-হরিয়ানা সীমান্তের কাছে অম্বালার কাছে রাঘব গোয়েল, বিকাশ গোয়েল এবং তাঁদের দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। তবে ওপি রানা এখনও অধরা। তাঁকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।
সিবিআই জানিয়েছে, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, ওপি রানা এবং বেসরকারি অভিযুক্তদের মধ্যে ভিজিল্যান্সের একাধিক সংবেদনশীল মামলার তথ্য আদানপ্রদান হচ্ছিল। পঞ্জাব পুলিশের এক বন্দুকধারীর ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে। ধৃতদের চণ্ডীগড়ের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য