তিলজলা অগ্নিকাণ্ড: মুখ্যমন্ত্রীর নির্দেশে এফআইআর দায়ের, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন
কলকাতা, ১২ মে (হি.স.): তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে, এই ঘটনায় অবিলম্বে সুনির্দিষ্ট এফআইআর দায়ের করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই
মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুখ্যসচিবের নির্দেশিকা জারি


কলকাতা, ১২ মে (হি.স.): তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে, এই ঘটনায় অবিলম্বে সুনির্দিষ্ট এফআইআর দায়ের করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

​মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল স্বাক্ষরিত একটি জরুরি চিঠি কলকাতা পুরসভায় পাঠানো হয়েছে। ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী কাল অর্থাৎ বুধবার সকাল ১১টার মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। এই কড়া নির্দেশিকার ফলে স্বাভাবিকভাবেই চাপে পড়েছে কলকাতা পুরসভা।

​তদন্তের স্বার্থে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে, তাতে কলকাতা পুর-কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, দমকল বিভাগ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, শেষোক্ত দুই দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিকদের এই তদন্ত প্রক্রিয়ায় যুক্ত করতে বলা হয়েছে। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নথিপত্র যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে।

​উল্লেখ্য, তিলজলার ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে। বর্তমানে পাঁচজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার ভয়াবহতা এবং প্রাণহানির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাজ্য সরকার এই দ্রুত তদন্ত ও কড়া পদক্ষেপের পথে হাঁটল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande