
নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, প্রশ্নফাঁস ও পরীক্ষা বাতিল এনটিএ-র ব্যর্থতার আরও একটি উদাহরণ, যা সংস্থার উদ্দেশ্য ও কার্যপদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লেখেন, শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৩৭১তম রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, শুধুমাত্র ২০২৪ সালেই এনটিএ পরিচালিত ১৪টি জাতীয় পরীক্ষার মধ্যে পাঁচটিতে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ উঠেছিল।
তিনি আরও বলেন, জেইই মেইনস ২০২৫ পরীক্ষায় উত্তরসূচিতে ভুল থাকায় ১২টি প্রশ্ন প্রত্যাহার করতে হয়েছিল। অন্যদিকে সিইউইটি পরীক্ষায় বারবার দেরির কারণে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাবর্ষের ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পড়ুয়াকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে বাধ্য হতে হয়েছে।
কংগ্রেস নেতার অভিযোগ, এনটিএ নিয়মিতভাবে সংসদের কাছে বার্ষিক রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে। শুধু অডিট করা আর্থিক নথিই প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, পুরনো ভর্তি প্রক্রিয়া তুলে দিয়ে কেন্দ্র দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে এবং সেটিকে সংসদের জবাবদিহির বাইরে রেখেছে।
জয়রাম রমেশ বলেন, ২০২৪ সালের ১৬ জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করেছিলেন যে এনটিএ-তে ব্যাপক সংস্কারের প্রয়োজন। দু’বছর পরও সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ হয়নি। তাঁর দাবি, এখন শুধু সংস্কার নয়, এনটিএ এবং তার সঙ্গে যুক্ত গোটা ব্যবস্থার মৌলিক পুনর্গঠন জরুরি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য