
মধ্যমগ্রাম, ১২ মে (হি.স.): রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের মামলার তদন্তে বড়সড় তৎপরতা শুরু করল সিবিআই। আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেওয়ার পর, মঙ্গলবার সকালেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল।
সিবিআই-এর ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের এই প্রতিনিধি দল এদিন সরেজমিনে তদন্ত প্রক্রিয়া চালায়। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে ছিলেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি-এর বিশেষজ্ঞরাও। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পাশাপাশি পুরো এলাকাটি খতিয়ে দেখেন।
তদন্তকারী সূত্রে খবর, চন্দ্রনাথ রথের মৃত্যুর নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র বা সুপরিকল্পিত নাশকতার ছক ছিল কি না, তা নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ৭ সদস্যের এই বিশেষ দলটির ওপর পুরো বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি পারিপার্শ্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন গোয়েন্দারা। এই তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
হিন্দুস্থান সমাচার / সোনালি