
হাফলং (অসম), ১২ মে (হি.স.) : চলে গেলেন ডিমা হাসাও জেলার বাসিন্দা প্রবীণ কংগ্রেস নেতা থিয়াঙ্গা নামপুই। গতকাল সোমবার রাত ১১টা নাগাদ জেলা সদর হাফলঙে নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোড় খাওয়া রাজনীতিবিদ থিয়াঙ্গা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে সমগ্র ডিমা হাসাও জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। থিয়াঙ্গা নামপুই ছিলেন একজন শৃঙ্খলাবদ্ধ নেতা, দক্ষ প্রশাসক এবং পাহাড়ি জেলার অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৭৭, ১৯৮৩ এবং ১৯৯৫ সালে তিনবার ডিমা হাসাও জেলা কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
উত্তর কাছাড় পার্বত্য পরিষদের খারতং আসন থেকে তৎকালীন উত্তর কাছাড় পার্বত্য জেলা পরিষদ তথা বর্তমান উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য হিসেবে কার্যনির্বাহ করেন থিয়াঙ্গা নামপুই। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উত্তর কাছাড় পার্বত্য জেলা পরিষদের অধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি হাফলং টাউন কমিটির চেয়ারম্যানের দায়িত্বও গ্রহণ করেন।
থিয়াঙ্গা নামপুইয়ের মৃত্যুসংবাদ পেয়ে ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ তাঁর বাসভবনে গিয়ে প্রয়াত থিয়াঙ্গা নামপুইকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা, জেলা কংগ্রেস সভাপতি হাইজেরাংবে নৃয়ামে, প্রাক্তন মন্ত্রী নন্দিতা গার্লোসা, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী কল্পনা হোজাই বাটারি সহ কংগ্রেসের অন্য নেতা ও কর্মীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কংগ্রেসের প্রবীণ নেতা থিয়াঙ্গা নামপুইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা ও সধ্য বিধায়ক পদে নির্বাচিত রূপালি লাংথাসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব