
হুগলি , ১২ মে (হি.স.) : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে বিভিন্ন এলাকায় সাংগঠনিক সমীকরণেও পরিবর্তনের ছবি সামনে আসছে। তারই প্রতিফলন দেখা গেল গোঘাটে। মঙ্গলবার গোঘাটের সবুজ সাথী হিমঘরের শ্রমিক সংগঠনের দখল নিল বিজেপির শ্রমিক সংগঠন।
গোঘাটের বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি প্রশান্ত পালের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন বিজেপির শ্রমিক সংগঠনের একাধিক নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকেরা। পতাকা উত্তোলনের পাশাপাশি কর্মীদের নিয়ে একটি সংক্ষিপ্ত সভারও আয়োজন করা হয়।
বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ শ্রমিকদের মধ্যে বিজেপির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস শ্রমিকদের কাছ থেকে চাঁদার নামে জুলুমবাজি চালিয়েছে। সেই কারণেই শ্রমিকদের একাংশ বিজেপির শ্রমিক সংগঠনের দিকে ঝুঁকছেন।
অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়েই এই দখলদারির রাজনীতি চালানো হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আগামী দিনে গোঘাটের শ্রমিক রাজনীতিতে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA