
কলকাতা, ১২ মে (হি.স.): বর্তমানের যুদ্ধ-বিধ্বস্ত ও অশান্ত বিশ্বে মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসারে আন্তর্জাতিক স্তরে ‘পরা-বিদ্যাপীঠ’ স্কুল গড়ে তোলার উদ্যোগ নিল গৌড়ীয় মিশন। মঙ্গলবার ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী জানান যে, শ্রীচৈতন্যদেবের শিক্ষা ও আদর্শকে পাথেয় করে নীতি, আদর্শ এবং আধ্যাত্মিক মূল্যবোধ নির্ভর শিক্ষার বিস্তার ঘটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।
ইতিমধ্যেই কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশন এবং নবদ্বীপ-সহ দেশের বিভিন্ন প্রান্তের গৌড়ীয় মঠগুলিতে এই বিদ্যাপীঠের কার্যক্রম শুরু হয়েছে। এবার এই উদ্যোগকে বিশ্বজনীন রূপ দিতে লন্ডন, আমেরিকা, জার্মানি ও অস্ট্রিয়া-সহ বিভিন্ন দেশে মিশনের শাখা কেন্দ্রগুলিতে এই স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মহৎ উদ্দেশ্যকে সফল করতেই আগামী ১৪ মে কলকাতা থেকে বিদেশ সফরে যাচ্ছেন মহারাজ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় ভাষার মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করে বিশ্বজুড়ে মানবিক ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানোই তাঁদের প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য, ১৯৩৫ সালে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রথম এই ‘পরা-বিদ্যাপীঠ’-এর সূচনা করেছিলেন, যা এখন আন্তর্জাতিক স্তরে ডালপালা মেলতে চলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত